বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সদ্য মরহুম ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহের ৫ম এবং গাজীপুরে প্রথম নামাজে জানাজা শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটে গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ি মাঠে অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় অসংখ্য বিএনপি নেতাকর্মী ও এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন। প্রিয় নেতার লাশ দেখে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে হান্নান শাহের কফিনবাহী গাড়ি গাজীপুর শহরের রাজবাড়ি মাঠে এসে পৌঁছে। সেখানে অস্থায়ীভাবে কালো কাপড় দিয়ে তৈরি মঞ্চে তার মরদেহ রাখা হয়।
বিশাল এ নামাজে জানাজায় ইমামতি করেন গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মনির উদ্দিন আহম্মেদ। জানাজা শেষে দলীয় নেতা-কর্মীরা ফুল দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান।
এর আগে ব্রিগ্রেডিয়ার (অবঃ) হান্নান শাহ’র দুই ছেলে পরিবারে পক্ষ থেকে তাদের বাবার আত্মার শান্তি কামনা করে সকলের নিকট দোয়া চান।
আসম হান্নান শাহের দুই ছেলে রিয়াজুল হান্নান ও রেজাউল হান্নান ছাড়াও জানাজায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিসটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি ভাইস চেয়ারম্যান নেতা মো. শাহজাহান, এমএজেড জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাবেক এমপি হাসান উদ্দিন সরকার, জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় নেতা পৌর মেয়র মজিবুর রহমান, হুমায়ুন কবির খান, ডা. মাজহারুল আলম, মীর হালিমুজ্জামান ননী ও সোহরাব উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ। এছাড়া আরো উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইজাদুর রহমান মিলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
পরে ১১টা ২০ মিনিটে কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার লাশ নিয়ে যাওয়া হয় নিজ গ্রাম কাপাসিয়ার ঘাগুটিয়ায়। সেখানে বাদ জুম্মা জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানাজ পূর্ব সমাবেশে বলেন , ব্রিগ্রেডিয়ার হান্নান শাহ’র অকাল মৃত্যু শুধু বিএনপির নয় ,গোটা গাজীপুর তথা বাংলাদেশের জন্য অপুরনীয় ক্ষতি হয়েছে।
হান্নান শাহ’ খুবই সাহসী নেতার মত দেশ ও দেশের দুঃসময়ে গণতন্ত্র পূনঃপ্রতিষ্ঠার জন্য লাড়াই করেছেন, সংগ্রাম করেছেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল বলেন, গণতন্ত্রনের জন্য হান্নান শাহ লড়াই করেছেন। তিনি সৎ, সাহসী এবং বলিষ্ঠ নেতা ছিলেন।
এসএম





