আগামী ১৫ জুন দেশে প্রথমবারের মতো উপজেলা পরিষদে সংরক্ষিত মহিলা সদস্যপদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ে এক বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সেদিন দেশের ৪৮৩টি উপজেলার প্রায় দেড় হাজার সংরক্ষিত মহিলা সদস্যপদে নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হবে।

নির্বাচনে অংশ নিতে ২১ মে পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। এর পর ২৩ মে শেষ হবে মনোনয়ন যাচাই-বাছাই। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ৩০ মে।

এর আগে নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান জানিয়েছিলেন, ইউনিয়ন পরিষদ ও পৌরসভার সংরক্ষিত নারী সদস্যরাই সংশ্লিষ্ট উপজেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য নির্বাচনে ভোটার এবং প্রার্থী হতে পারবেন।

আইন অনুযায়ী ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলরদের ভোট দিয়ে উপজেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য নির্বাচন করবেন। বিধান অনুযায়ী উপজেলায় ১২টি ইউনিয়ন ও পৌরসভা থাকলে নারী সদস্যদের জন্য সংরক্ষিত আসন হবে চারটি।

গত জানুয়ারি মাসে এ নির্বাচন হওয়ার কথা থাকলেও তখন এ নির্বাচনের নথিপত্র কমিশন থেকে উধাও হয়ে যায়। সে কারণে নতুন করে আবার নির্বাচনের নথিপত্র তৈরি করা হয়েছে।

নির্বাচন কমিশন তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনে এ বিষয়ে উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত তা করতে পারেনি।

কেএইচ