কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে সাগরে ভাসন্ত অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার আগে সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের পশ্চিমাংশে ভাসমান লাশটি উদ্ধার করা হয়।
কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লে. নাঈম উল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
ধারণা করা হচ্ছে, তিনিও ১১ ফেব্রুয়ারি ট্রলারডুবির ঘটনায় নিখোঁজদের মাঝে কেউ হবেন।
নাঈম উল হক জানান, বিসিজি স্টেশন সেন্টমার্টিন কোস্ট গার্ডের টহল টিম টহলরত অবস্থায় সেন্টমার্টিন ছেড়াদ্বীপের দক্ষিণ পার্শ্বে সন্ধ্যা ৬টার দিকে পানিতে ভাসমান একটি লাশ দেখতে পেয়ে উদ্ধার করে। লাশটি মধ্য বয়সী নারীর।
টেকনাফ মডেল থানায় লাশটি হস্তান্তর করতে রাতেই কাঠের বোটে রওয়ানা দেয়া হচ্ছে বলে জানান তিনি।
উল্লেখ, গত ১০ ফেব্রুয়ারি (সোমবার) রাতে নৌপথে মালয়েশিয়া যাওয়ার আশায় বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে টেকনাফের মহেশখালীয়াপাড়া এলাকা দিয়ে ট্রলারে উঠে শতাধিক রোহিঙ্গা। সেন্টমার্টিন উপকূলে গিয়ে ডুবে যায় একটি ট্রলার।
মালয়েশিয়াগামীদের মধ্যে বেশির ভাগই নারী। দালালদের মাধ্যমে সেন্টমার্টিন উপকূল পাড়ি দিতে গিয়ে ট্রলারটি ডুবে গেলে ভাসমান অবস্থায় ১৫ রোহিঙ্গার লাশ উদ্ধার করে কোস্টগার্ড ও নৌ-বাহিনী।
এমবি





