১৫ দফা দাবিতে রাজশাহী, রংপুর এবং খুলনা বিভাগে সব পেট্রলপাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। এতে পরিবহন শ্রমিকরা ভোগান্তি পড়েছেন। সেই সঙ্গে এক সংসদ সদস্যকেও ভোগান্তিতে পড়তে দেখা গেল।

জ্বালানি তেল না দিয়ে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে বহনকারী গাড়িকে ফিরিয়ে দিল তেল পাম্পের শ্রমিকরা।

রোববার সকাল ১০টার দিকে শহরের চৌধুরী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ঠাকুরগাঁও সফর শেষে রোববার সকালে ঢাকার উদ্দেশে রওনা দেন এমপি রমেশ চন্দ্র সেন। তাকে বহনকারী গাড়ি দুটি শহরের চৌধুরী ফিলিং স্টেশনে ডিজেল নেয়ার জন্য গেলে জ্বালানি না দিয়েই ফিরিয়ে দেন পাম্পে কর্মরত শ্রমিকরা। এ সময় গাড়িতে বসা ছিলেন এমপি রমেশ চন্দ্র সেন।

সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের ব্যক্তিগত সহকারী ও ঠাকুরগাঁও জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম স্বপন এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সৈয়দপুর বিমানবন্দর যাওয়ার পথে শহরের চৌধুরী ফিলিং স্টেশনে গেলে তেল দেয়নি পাম্পের শ্রমিকরা।

এমপির গাড়িতে ডিজেল না দেয়ার কারণ জানতে চাইলে পাম্পে কর্মরত শ্রমিক অটল রায় বলেন, পেট্রল পাম্প মালিকের নির্দেশে সব ধরনের জ্বালানি সরবরাহ বন্ধ রেখেছি আমরা। শুধু এমপি নন, কোনো গাড়িতেই জ্বালানি দিচ্ছি না।

এ ব্যাপারে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের ঠাকুরগাঁও জেলা সভাপতি এনামুল হক বলেন, আমরা ইতোপূর্বে সরকারের কাছে আমাদের বিভিন্ন দাবি জানিয়েছি। কিন্তু সরকার শুধু আশ্বাস দিয়েছে, বাস্তবায়ন করেনি।

এবারের ১৫ দফা দাবি না মানা পর্যন্ত আমাদের অনির্দিষ্টি কালের ধর্মঘট কর্মসূচি চলবে বলে জানান তিনি।

জানা গেছে, বাংলাদেশ পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের ডাকা ধর্মঘটে সাড়া দিয়ে ঠাকুরগাঁওয়ের পাঁচ উপজেলার ৩২টি পাম্পের জ্বালানি তেল সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

ধর্মঘটের ফলে একদিকে যেমন বিপাকে পড়েছেন গাড়ি চালকরা অন্যদিকে বিপাকে পড়েছেন কৃষকরা।

এএস