দেশে বর্তমানে দরিদ্র লোকের সংখ্যা তিন কোটি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রবিবার (২১ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বাংলাদেশ কিশোর-কিশোরী সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সম্মেলনের আয়োজন করে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসফ)।
অর্থমন্ত্রী বলেন, ‘আমরা প্রতিবছর দুই শতাংশ হারেও দরিদ্র কমাতে এখনো সক্ষম হইনি। এ কারণে বর্তমানে দেশে দরিদ্রের সংখ্যা ৩ কোটি। এর মধ্যে ১ কোটি হচ্ছে হতদরিদ্র।’
মুহিত বলেন, ‘আমাদের বর্তমান সরকারের টার্গেট হচ্ছে আগামী ১০ বছরের মধ্যে দেশে কোনো দরিদ্র থাকবে না। তবে এমন নয় যে একেবারে দরিদ্র শেষ হয়ে যাবে। দেশের বিভিন্ন স্থানে কিছুটা হলেও দরিদ্র লোক থাকে।’
তিনি বলেন, ‘দরিদ্র কমাতে সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। তাই আমাদের কাজ হচ্ছে সেই কার্যক্রমগুলোকে যথাযথভাবে করা।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিকেএসএফ চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ, পিকেএসএফ সদস্য ও সাবেক ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংকের নাজনীন সুলতানা প্রমুখ। এএস





