বেনাপোল পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহাতাব আলীকে (৫০) কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।
বেনাপোলের কাগজপুকুর নামক স্থানে মঙ্গলবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
কাগজপুকুর ওয়ার্ড যুবলীগ নেতা সাইফুল ইসলাম জানান, বেনাপোলের নারানপুর গ্রামে সোমবার রাতে ওয়াজ মাহফিল মাঠে আওয়ামী লীগ নেতা মহাতাব আলীর ছেলে শাওন (১৯) ও শামছুরের ছেলে সুজনের (২০) সঙ্গে সাইফুল ইসলামের ছেলে শাহিন ইসলাম বাপ্পির (১৮) কথা কাটাকাটি হয়। এর পর রাতে বাপ্পি বাড়ি ফেরার সময় ওই দুজন বাপ্পিকে দূর্গাপুর রাস্তায় মারধর করে ফেলে যায়। এ সময় বাপ্পির চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনার জের ধরে বাপ্পির লোকজন মঙ্গলবার সকাল থেকে কাগজপুকুর মোড়ে ওৎপেতে থাকে। বিকেলে শার্শা থেকে বাড়ি ফেরার পথে কাগজপুকুর এলাকায় পৌঁছলে প্রতিপক্ষের ৮-১০ জন তার উপর হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর হাসপাতালে নিয়ে যায়।
আহত মহাতাবের ছেলে সোহেল জানান, পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা লিটনের সমর্থকরা তার বাবার ওপর হামলা করেছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয়েছে। এ ব্যাপারে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এএইচ





