নড়াইলে শিশু নির্যাতনের মামলা করায় বাদিকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্থ ও মামলা সূত্রে জানা যায়,গত ৪ জানুয়ারী দুপুরের দিকে বিষ্ণুপুর গ্রামের বিপ্লব অধিকারির ছেলে অরুপ (১০) ও প্রতিবেশি সিরাজের ছেলে আলহাজ (১০) বল খেলা নিয়ে বাকবিতন্ডা করে।

এ ঘটনার সূত্র ধরে আলহাজের পিতা সিরাজ মোল্যা (৩০) ও তার দাদা জাফর মোল্যা (৪৫) শিশু অরুপকে মারার জন্য ধাওয়া করে। শিশু অরুপ দৌড়ে বাড়ি গিয়ে তার মায়ের কোলে আশ্রয় নেয়। আক্রমনকারি সিরাজ ও জাফর সেখানে গিয়ে মায়ের কোল হতে জোর করে ধরে নিয়ে বেদম মারপিট করে শিশু অরুপকে।

ঠেকাতে গেলে তার মা কাকলী অধিকারিকেও মারপিট করে। লোহার রডের আঘাতে শিশু অরুপের ডান হাত তিন জায়গায় ভেঙ্গে যায়। আহত অরুপকে নড়াইল সদর হসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় অরুপের পিতা বিপ্লব অধিকারি ৬ জানুয়ারী নড়াইল সদর থানায় সিরাজ ও তার পিতা জাফর এর নামে মামলা করেন।

বাদি বিপ্লব জানান আসামিরা মামলা তুলে নেয়ার জন্য তাকে হুমকি দিচ্ছেন। নড়াইল সদর থানার ওসি দেলোয়ার হোসেন জানান, আসামিদের আটকের চেষ্টা চলছে।

রিন্টু/এআই