জামালপুরে ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ ৫জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর ৩ যাত্রী।

আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার চন্দ্রা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুর পৌরসভার কম্পপুর এলাকার সানোয়ার হোসেন (৪০), ইজিবাইকের চালক আব্দুর রহিম (৪৫), শহরের চন্দ্রা এলাকার মীর হোসেন (৪০), পৌরসভার কম্পপুর এলাকার সালেহা বেগম (৫০) ও সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাঁশচড়া গ্রামের ইন্তাজ আলী(৫০)।

আহত ৩জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জামালপুর সদর উপজেলার চন্দ্রা রেলক্রসিংয়ে কোনো গেটম্যান নেই। সন্ধ্যায় ময়মনসিংহ থেকে একটি লোকাল ট্রেন দেওয়ানগঞ্জ যাচ্ছিল। ট্রেনটি চন্দ্রা রেলক্রসিং এলাকায় পৌঁছানোর সময় ব্যাটারিচালিত যাত্রীবাহী একটি অটোরিকশা রেলক্রসিং পেরোনোর চেষ্টা করে।

এ সময় ট্রেনটি অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সানোয়ার নিহত হয়। আহত ৭ জনকে হাসপাতালে নেওয়ার পথে আরও ৩ জনের মৃত্যু হয়। পরে বাকি ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে রাখা আছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।

এমবি