১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। লাখো-লাখো বাঙালির রক্ত ও ইজ্জতের বিনিময় অর্জিত এই দিন। আজ সবচেয়ে আনন্দের দিন। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এই দিন পাকিস্থানি হানাদার বাহিনী বাংলার মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সামনে মাথা নিচু করে আত্মসমর্পণ করেছিল। এদিন বিশ্বের মানচিত্রে সৃষ্টি হয় বাংলাদেশ নামে নতুন একটি সার্বভৌম ও স্বাধীন দেশ।

যারা বুকের তাজা রক্ত দিয়ে এ বিজয় ছিনিয়ে এনেছেন আজ সেসব শহীদকে গভীর শ্রদ্ধায় স্মরণ করবে দেশের সর্বস্তরের মানুষ। একাত্তরের এই দিনে প্রভাতী সূর্যের আলোয় ঝিকমিকিয়ে ওঠে বাংলার শিশিরভেজা মাটি।

অবসান হয় পাকিস্তানী শাসকগোষ্ঠীর সাড়ে তেইশ বছরের নির্বিচার শোষণ, বঞ্চনা আর নির্যাতনের কালো অধ্যায়। নয় মাসের জন্ম-যন্ত্রণা শেষে এদিন জন্ম নেয় একটি নতুন দেশ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সেদিনের সেই সূর্যের আলোয় ছিল নতুন দিনের স্বপ্ন, যে স্বপ্ন অর্জনে অকাতরে প্রাণ দিয়েছিল এ দেশের ৩০ লাখ মানুষ।

৫৫ হাজার বর্গমাইলের এই দেশে ৪৩ বছর আগে এই দিনেই উদিত হয় বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ সূর্য। যে সূর্যে ছিলো নতুন দিনের স্বপ্ন।

১৯৭১ সালের এই দিনে নয় মাসের মুক্তিযুদ্ধ শেষে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) আত্মসমর্পণ করেছিল পাক হানাদার বাহিনী। চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটে বাঙালির স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের।

পৌষ মাসের সেই পড়ন্ত বিকালে সাড়ে ৪টায় পাকিস্তানের সামরিক আইন প্রশাসক জোন-বি এবং ইস্টার্ন কমান্ডের কমান্ডার লে. জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজীর নেতৃত্বে ৯১ হাজার ৫৪৯ পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করে।

মেজর জেনারেল জ্যাকবের তৈরি করা আত্মসমর্পণের দলিলে বিকেলে স্বাক্ষর করেন জেনারেল নিয়াজী ও লে. জেনারেল জগজিৎ সিং অরোরা।

এদেশ আরো এগিয়ে যাবে এমন স্বপ্ন নিয়েই আজ বিজয় দিবস পালন করতে যাচ্ছে গোটা জাতি।

মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পৃথক পৃথক বাণী দিয়েছেন।

আজ থেকে ৪৩ বছর আগে একরাশ স্বপ্ন বুকে নিয়ে স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল। চার দশকের বেশি সময়ের এ পথপরিক্রমায় সে স্বপ্নের কতটা পূরণ হয়েছে, আজ সবাই সে হিসেবই মেলাতে চাইবে । এর মধ্যে আমাদের অনেক চড়াই-উৎরাই মোকাবেলা করতে হয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থা বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে অনাকাঙ্খিত ঘটনায়।

বিজয় দিবসে রাত ১২.০১ মিনিটে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এরপর পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এ দিনে স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

এমকে