রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (০৬ অক্টোবর) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদানসহ যুক্তরাষ্ট্র সফরের সার্বিক বিষয় রাষ্ট্রপতিকে অবহিত করেন।
তিনি সরকারের সার্বিক কর্মকাণ্ড, বিশেষ করে কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণ এবং টিকা প্রদানের মাধ্যমে জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গৃহীত কার্যক্রম বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতির ডেপুটি প্রেস সচিব মুন্সী জালাল উদ্দিন গণমাধ্যমকে এইসব তথ্য জানিয়েছেন।
জালাল উদ্দিন জানান, রাষ্ট্রপতি ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের ক্ষেত্রে যোগ্য নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে সঠিক পথে অগ্রসর রাখার স্বীকৃতি হিসেবে ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ অর্জন করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। এ সময় রাষ্ট্রপতি জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সার্বিক ভূমিকার প্রশংসা করেন।
রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে তার ৭৫তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।
এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসসহ রাষ্ট্রপতির কার্যালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।
এমবি





