ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় রাহাত হোসেন নামে ট্রাকের এক হেলপার নিহত হয়েছেন।
বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের হাতকুড়া এলাকায় মালভর্তি ট্রাক উল্টে গেলে তিনি মারা যান।
তার বাড়ি টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলা সদরের পশ্চিম রোড এলাকায়। এ ঘটনায় পুলিশ ট্রাকের চালক রাইসুল ইসলামকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, ঢাকা থেকে সারভর্তি একটি ট্রাক জামালপুরের তারাকান্দির উদ্দেশে ছেড়ে আসে। পথিমধ্যে মহাসড়কের ওই স্থানে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ট্রাকের হেলপার রাহাত হাসেন আহত হন। তাকে গুরতর অবস্থায় কুমুদিনী হাসপাতালে নেয়া হলে সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাকের চালক রাইসুল ইসলামকে পুলিশ আটক করেছে।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, নিহতের লাশ কুমুদিনী হাসপাতাল মর্গে রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
এসএম





