ঢাকার ধামরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় পিকআপভ্যান দুমড়েমুচড়ে গিয়ে ব্যবসায়ীসহ দুইজন নিহত হয়েছেন। এসময় আরও একজন আহত হয়েছেন।

আজ (২৩ আগস্ট) রোববার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে হেলাল উদ্দিন (৬৫) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি মানিকগঞ্জেন সাটুরিয়া উপজেলার নোয়াপাড়া গ্রামের নৈমুদ্দিনের ছেলে। তিনি সবজি ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ঢাকাগামী সবজিভর্তি একটি পিকআপভ্যানকে পেছন থেকে একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপভ্যানটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই সবজি ব্যবসায়ী হেলাল উদ্দিন নিহত হন। অজ্ঞাত এক ব্যক্তিকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, নিহতদের মধ্যে একজনের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে এবং দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও পিকআপভ্যান জব্দ করা হয়েছে।

এমবি