বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের সরকার বাংলাদেশের নারীদের স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে বিভিন্নভাবে সহায়তা করে আসছে। যুক্তরাষ্ট্র সরকার সব সময়ই বাংলাদেশের নারীদের স্বাস্থ্যসেবার উন্নয়নে পাশে থাকবে।’
কক্সবাজারের রামু উপজেলার চেইন্দায় ৭৫ শয্যাবিশিষ্ট মেটারনিটি এ্যান্ড ফিস্টুলা সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বৃহস্পতিবার এ সব কথা বলেন। হাসপাতালটির পরিচালনায় থাকছে হোপ ফাউন্ডেশন ফর উইমেন এ্যান্ড চিলড্রেন অব বাংলাদেশ।
মজিনা বলেন, ‘নারীদের বিভিন্ন দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত করতে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোও এগিয়ে আসছে। এ রকম ১৪টি হাসপাতালে আমেরিকার সরকার সহযোগিতা দিচ্ছে।’
তিনি আরও বলেন, ‘নারীদের জন্য ফিস্টুলা একটি মারাত্মক ব্যাধি। এই রোগের চিকিৎসার উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে আমেরিকা।’
হোপ ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র চ্যাপ্টারের উপদেষ্টা পরিষদের সদস্য বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ইউএসএইডের বাংলাদেশ মিশন পরিচালক জ্যানিনা জ্যারুজেলস্কি, যুক্তরাষ্ট্রভিত্তিক ফিস্টুলা ফাউন্ডেশনের মেডিকেল ও প্রোগ্রাম ডিরেক্টর ডা. স্টিভেন এ্যারোস্মিথ, কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, হোপ ফাউন্ডেশন বাংলাদেশ চ্যাপ্টারের পরিচালক হাসনাইন সবিহ নায়ক প্রমুখ।
জেআই





