করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আকরামুজজামান (৭৪)।
আজ (২৮ জুন) রোববার ভোরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই আইনজীবী ও রাজনীতিক।
তার বড় ছেলে সাইফুজ্জামান বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৯ জুন (শুক্রবার) শ্বাসকষ্ট নিয়ে তিনি সিএমএইচে ভর্তি হন। পরদিন শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
পরিবার সূত্র জানায়, ওইদিন (শনিবার) রাতে করোনা পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর থেকে তাকে সিএমএইচের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেয়া হয়। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে।
অ্যাডভোকেট আকরামুজজামান ছিলেন ফেনীতে রোটারির অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি ফেনী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন। ফেনী ডায়াবেটিক সমিতির আমৃত্যু সভাপতিও ছিলেন তিনি।
এমবি





