মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী সচিব নিশা দেশাই বিসওয়াল বলেছেন,  বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যে সম্পর্ক, তা কেবল দু'দেশের সরকারের মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং এ সম্পর্ক নিজ নিজ সরকারের গণ্ডি ছাড়িয়ে দুদেশের জনগণ, সুশীল সমাজ এবং সর্বোপরি পারস্পরিক বন্ধুত্বের মধ্যে বিস্তৃত বলে মন্তব্য করেছেন ।
মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশের ৪৩তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। দিনটি উপলক্ষে ২৬ মার্চ দূতাবাসে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী সচিব নিশা দেশাই বিসওয়াল সংবর্ধনায় মার্কিন সরকারের প্রতিনিধিত্ব করেন।
নিশা দেশাই বিসওয়াল এসময় যুক্তরাষ্ট্র সরকারের পক্ষে জাতীয় ও স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণ ও সরকারকে অভিনন্দন জানান।
সংবর্ধনায় আরো উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র সরকার ও কংগ্রেসের উচ্চ পদস্থ কর্মকর্তা, বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিক, সুশীল সমাজ ও সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা।
এছাড়া বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিও সেখানে উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের, মাদাম আকরামুল কাদের এবং দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তারা অতিথিদের স্বাগত জানান।
[b]ঢাকা, ২৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]