‘বই মানুষকে মেধাবী, আধুনিকমনস্ক ও যুক্তিবাদী করে’ এই স্লোগান নিয়ে বরিশালে বাংলা একাডেমী আয়োজিত নয় দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে।

শুক্রবার বিকাল ৪টায় নগরীর অশ্বিনী কুমার হলে এই মেলার উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘বইয়ের প্রচ্ছদ দেখে বই না কিনে বইয়ের ভেতরে কী আছে তা দেখে বই কিনুন। বিশ্বসাহিত্য কেন্দ্র এবং বাংলা একাডেমী আপনার ও আপনার সন্তানের কাছে ভাল বই পৌঁছে দেওয়ার জন্য যে সুযোগ তৈরী করে দিয়েছে, তা গ্রহণ করুন।’

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাংলা একাডেমীর মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান বলেন, ‘প্রকৃত জ্ঞানার্জনের জন্য বই একটি বড় মাধ্যম। বাংলার প্রায় প্রতিটি ঘরে ঘরে বড় বা ছোট বইয়ের লাইব্রেরী থাকা প্রয়োজন।’

বরিশালের জেলা প্রশাসক মো. শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিভাগীয় কমিশনার মো. গাউস, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক এবং নগর পুলিশের কমিশনার শৈবাল কান্তি চৌধুরীসহ প্রশাসনের কর্তাব্যক্তিরা।

বইমেলা উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় রয়েছে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। স্টলগুলোতে বাংলা একাডেমী কর্তৃক প্রকাশিত বইয়ের ওপর ৭০ শতাংশ পর্যন্ত ছাড় প্রদান করা হবে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. আবুল কালাম আজাদ।

কেএইচ