খুলনায় সৈকত হোসেন রোহান (২২) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় বুধবার রাতে নগরীর পিটিআই মোড় থেকে খুলনা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

এ দিকে তাকে গ্রেফতারের প্রতিবাদে ছাত্রলীগ কর্মীরা নগরীতে বিক্ষোভ ও দোকান পাট ভাঙচুর করেছে।

খুলনা থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা থাকায় পিটিআই মোড় থেকে রোহানকে গ্রেফতার করা হয়। তবে মামলার বিষয়বস্তু সম্পর্কে তিনি বিস্তারিত বলতে পারেননি।

রোহান নগরীর মিস্ত্রিপাড়া খালপাড় এলাকার রুহুল আমিনের ছেলে।

এ দিকে রোহানের গ্রেফতারের খবরে ছাত্রলীগ কর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। একটি দল মিছিল নিয়ে নগরীর রয়েল মোড় থেকে আহসান আহমেদ রোড, যশোর রোড ও পিকচার প্যালেস হয়ে থানায় গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় বিভিন্ন স্থানে সড়ক সংলগ্ন দোকান পাট ভাঙচুরের ঘটনা ঘটে। এতে আতঙ্কিত হয়ে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দেন। তবে ভাঙচুরের ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

এএইচ