সিলেট নগরীর কুমারগাঁওয়ে ১৩ বছরের শিশু সামিউল আলম রাজনকে পৈশাচিক নির্যাতন ও হত্যার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে দেশের সাধারণ জনতা।

আজ বুধবার দেশব্যাপি রাজনের খুনিদের অবিলম্বে গ্রেফতার, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়ার দাবি জানিয়েছে তারা।

তারই প্রেক্ষিতে বিভিন্ন জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্যর ভিত্তিতে টাইমনিউজবিডির পাঠকদের উদ্দেশ্য তুলে ধরা হলো:

নোয়াখালী:

সিলেট নগরীর কুমারগাঁওয়ে ১৩ বছরের শিশু সামিউল আলম রাজনকে পৈশাচিক নির্যাতন ও হত্যার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে খেলাঘর নোয়াখালী জেলা কমিটি।

রাজনের খুনিদের অবিলম্বে গ্রেফতার, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

বুধবার নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার বাংলাবাজারে খেলাঘর নোয়াখালী জেলা কমিটির মানববন্ধন ও সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়।

সমাবেশ-মানবন্ধনে রাজনের খুনিদের জামিন নামঞ্জুর করা, সৌদি আরবে গ্রেফতারকৃত প্রধান খুনি কামরুলকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা এবং এই হত্যাকাণ্ডের বিচারকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখারও দাবি জানান বক্তারা।

জামালপুর:

সিলেটে রাজন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে জামালপুর প্রেসক্লাব ও জেলা শিশু সুরক্ষা নেটওয়ার্ক।

বুধবার সকাল ১১টার দিকে শহরের দয়াময়ী চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন-বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, জামালপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক নাছিমা আক্তার, জেলা জাসদ (রব) সভাপতি আমির উদ্দীন, পৌরসভার প্যানেল মেয়র সিদ্ধার্থ শংকর রায়, জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, শিশু সুরক্ষা নেটওয়ার্কের সভানেত্রী শামীমা খান, উন্নয়ন সংঘের পরিচালক জাহাঙ্গীর সেলিম, গণজাগরণ মঞ্চের সংগঠক সৈয়দ তানভীর আহমেদ, সাংবাদিক মোস্তফা বাবুল, সাযযাদ আনছারী, কাফি পারভেজ প্রমুখ।

পাবনা (ঈশ্বরদী):

শিশু রাজন হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে পাবনার ঈশ্বরদীতে মানববন্ধন, পথসভা এবং বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার শহরের স্টেশন রোডে খেলাঘর ঈশ্বরদী উপজেলা কমিটির আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে উপজেলা কমিটির সভাপতি এনামুল ইসলাম জিন্নার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, খেলাঘরের সদস্য আলফা বিনতে আলম, ঐশি বিনতে মোস্তফা, ফাইকা ফাইরু প্রিয়তি, ফয়সাল জাহান, মোস্তাফিজুর রহমান তুফান প্রমুখ।

পরে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক উদয় লাহিড়ী, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, অধ্যাপক স্বপন কুমার কুন্ড, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

বগুড়া:

সিলেট নগরীর কুমারগাঁওয়ে ১৩ বছরের শিশু সামিউল আলম রাজনকে পৈশাচিক নির্যাতন চালিয়ে হত্যার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বগুড়া শিশু-কিশোর সাংস্কৃতিক ফোরাম।

বুধবার বেলা ১২টায় শহরের সাতমাথা এলাকায় ‘রাজন হত্যার বিচার চাই, হত্যাকারীদের ফাঁসি চাই’–স্লোগানে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধন কর্মসূচি শেষে শিশু-কিশোর সাংস্কৃতিক ফোরামের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, একটা সভ্য দেশে এ ধরনের নারকীয় মৃত্যুর ঘটনা ঘটতে পারে না। কোনোভাবেই শিশু রাজনের এই নির্মম হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না।

তাই শিশু রাজন হত্যাকারী ঠাণ্ডা মাথার খুনিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

হবিগঞ্জ

সিলেটে শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যাকারীদের বিচারের দাবিতে হবিগঞ্জে মানববন্ধন করেছে কয়েকটি সংগঠন।

বুধবার দুপুরে শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে বর্ণমালা খেলাঘর ও ব্যঞ্জনবর্ণ সাংস্কৃতিক ক্লাবের ব্যানারে মানববন্ধন করা হয়।

মানববন্ধন থেকে রাজন হত্যায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এসএইচ