“সিলেটে জঙ্গিদের তৎপরতা রয়েছে” বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। জঙ্গি কর্মকান্ডের কোনো খবর পেলে তা পুলিশকে অবহিত করতে হবে।

সোমবার বিকেল সোয়া ৩টার দিকে সিলেটের বাদাঘাটে নির্মাণাধীন সিলেট কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে এসে এমন মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, আগামী জুলাইয়ের মধ্যে সিলেট কেন্দ্রীয় কারাগার বাদাঘাটে স্থানান্তর করা হবে। আর পুরনো কারাগারের স্থানে পার্ক নির্মাণ করা হবে।

কারাগারের জন্য বাদাঘাট থেকে সিলেট শহরতলীর তেমুখী পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ করা হবে বলেও জানান অর্থমন্ত্রী।

আবুল মাল আবদুল মুহিত বলেন, অতীতে সিলেট অনেক ক্ষেত্রে পিছিয়ে ছিল। বর্তমানে সিলেটের অবস্থা অনেক ভালো হয়েছে।

প্রধানমন্ত্রীর সিলেট সফরের বিষয়ে মন্ত্রী বলেন, দীর্ঘদিন পর আনুষ্ঠানিক সফরে আসছেন প্রধানমন্ত্রী। তার সফরকে সফল করে তুলতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে মোমেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।

এমএম