রাজধানীর আগারগাঁওয়ে গ্যাসের লাইনে কাজ করার সময় বিস্ফোরণে ওয়াসার চার শ্রমিক দগ্ধ হয়েছেন।

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- জুনায়েদ (২৪), রুবেল (২৮), কবির আহমেদ (২৫) ও নিলু মোল্লা (৩৮)। তারা ওয়াসার শ্রমিক বলে জানা গেছে।

আহত নিলু মোল্লা জানান, তারা ওয়াসার শ্রমিক। থাকেন আগারগাঁওয়ের তালতলা এলাকায়। কয়েকদিন ধরে আগারগাঁও বিজ্ঞান জাদুঘরের উল্টো পাশে পানির পাইপ বসানোর কাজ করছিলেন তারা। সন্ধ্যায় রাস্তায় কাজ করার সময় অন্য একটি গ্যাস পাইপে আঘাত লেগে পাইপ লিকেজ হয়। সেখানে মেরামত করার সময় গ্যাস পাইপ লিকেজ থেকে আগুনে দগ্ধ হন তারা।

পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে ভর্তি করা হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, দগ্ধদের মধ্য জুনায়েদের হাত, পা ও মুখ ঝলসে গেছে। রুবেল ও কবিরের হাত-পা-পেট দগ্ধ হয়েছে। নিলু মোল্লার পায়ে সামান্য দগ্ধ হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বাকি তিনজনকে ভর্তি করা হয়েছে।

এমবি