যশোরের শার্শায় সালিশে কথা কাটাকাটির জের ধরে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

বৃহস্পতিবার রাত ১১টায় শার্শার নাভরণ কামারবাড়ি মোড়ে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে যুবলীগের দুই কর্মী ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন। তারা যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন, উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের সিরাজের ছেলে যুবলীগ কর্মী তুজাম (৪০) ও আব্দুর রশিদের ছেলে আহসান (২৭)।

শার্শা থানার অফিসার ইন চার্জ (ওসি) শহিদার রহমান জানান, এক নারীর কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয়াকে কেন্দ্র করে রাতে ওই সালিশ হয়। সালিশে উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিমের কর্মীদের সঙ্গে যুবলীগ নেতা তুজামের কথাকাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সমর্থকদের মধ্যে কামারবাড়ি মোড়ে সংঘর্ষ হয়।

এ সময় ধারালো অস্ত্রের আঘাতে যুবলীগের দুই কর্মী গুরুতর জখম হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাদের অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন ওসি।

কেএইচ