আমেরিকার নিউ জার্সিতে নির্মিত হতে যাচ্ছে আমাদের ভাষা আন্দোলনের প্রতীক শহীদ মিনার। এটি হবে দেশটিতে দ্বিতীয় শহীদ মিনার। বর্তমানে একমাত্র শহীদ মিনারটি রয়েছে টেক্সাসে।

নিউ জার্সির প্যাটারসন সিটিতে নির্মিত হবে এই শহীদ মিনার। গতকাল শনিবার নিউ জার্সির স্থানীয় সময় সকাল ১১টায় শহীদ মিনারের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। চলতি বছরের মধ্যেই এর নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে এর উদ্বোধন করা হবে বলেও জানা গেছে।

প্যাটারসন সিটির ১৩৯ প্রিকনিস অ্যাভিনিউতে অবস্থিত ওয়েস্টসাইড পার্কে নির্মাণ করা হচ্ছে এই শহীদ মিনার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যাটারসন সিটির মেয়র জোসে টোরেস, স্থানীয় কাউন্সিলরগণ, প্যাসিক কাউন্টি অফিসের প্রতিনিধিবৃন্দ, মার্কিন কর্মকর্তাবৃন্দ, নিউ জার্সির প্লেইন্সবোরো টাউনশিপের কাউন্সিলর ড. নুরুন নবী এবং নিউ জার্সিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. শামীম আহসান। তিনি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্যাটারসন সিটির মেয়র, প্যাসিক কাউন্টি বোর্ড, শহীদ মিনার নির্মাণ প্রকল্পের সহযোগী প্রতিষ্ঠান ও বাংলাদেশি সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এই শহীদ মিনার নির্মাণকে একটি স্মরণীয় ঘটনা বলে আখ্যায়িত করেন। প্যাটারসন সিটির মেয়র জোসে টোরেস তার শহরে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের প্রশংসা করেন। তিনি বাংলাদেশি অভিবাসীদেরকে প্যাটারসন সিটির অবিচ্ছেদ্য অংশ বলেও ঘোষণা দেন।

উল্লেখ্য, প্যাটারসন সিটি কর্তৃপক্ষ শহীদ মিনার নির্মাণের জন্য ২০১২ সালে ওয়েস্টসাইড পার্কে জায়গা বরাদ্দ দেয়। আর শহীদ মিনার নির্মাণের জন্য প্যাসিক কাউন্টি নামের একটি সংস্থা দেড় লক্ষ মার্কিন ডলার বরাদ্দ দেয়। প্যাটারসন সিটিতে বাংলাদেশি সম্প্রদায়ের সম্মানে এই শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেয় সিটি কর্তৃপক্ষ।

এসএমএ