অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে কক্সবাজারের উখিয়া থেকে দুই দালালসহ ৭ যাত্রীকে আটক করেছে পুলিশ।
শনিবার রাত আনুমানিক ১১টায় উখিয়া জালিয়াপালং ইউনিয়নের অফিসপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযানে নেতৃত্বদানকারী উখিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, গোপন সংবাদে খবর পেয়ে পুলিশ এ অভিযান চালায়।
এ সময় উখিয়ার সোনারপাড়া এলাকার মৃত কালামতুর ছেলে নুরুল কবির ও তার স্ত্রী রিজিয়া বেগম রেভিসহ অন্যান্য পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ২টি সিএনজিসহ ৭ মালয়েশিয়াগামী যাত্রীকে উদ্ধার করা হয়।
আটক দালালরা হলেন- উখিয়া উপজেলার সোনারপাড়া গ্রামের মৃত হোছন আলীর ছেলে আব্দুর রশিদ ও বদিউল আলমের ছেলে নূর হোসেন।
যাত্রীদের মধ্যে যশোরের ৩ জন, বগুড়ার ২ জন ও মাগুরার ২ জন যাত্রী রয়েছে।
উখিয়া থানার ওসি অংসা থোয়াইজানান, এসআই নজরুল বাদী হয়ে আটক দালালদের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা করেছেন।
ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর





