সীতাকুণ্ডের ছোটকুমিরায় শিল্পী দে (২২) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে সীতাকুণ্ড থানা পুলিশ।

শিল্পী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কনস্টেবল কৃষ্ণপদ ঘোষের স্ত্রী। এদিকে শিল্পীর মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী কৃষ্ণপদ ঘোষকে সীতাকুণ্ড থানায় নেয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিল্পীর মৃত্যুর খবর শুনে তার বাবার বাড়ির লোকজন সীতাকুণ্ড থানার পুলিশকে খবর দেন। পরে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক কাজী আশরাফুল আলম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান ।

শিল্পী দের বাবা তুষার দে সাংবাদিকদের বলেন, তার জামাতা কৃষ্ণপদ ঘোষের পদোন্নতির জন্য ঘুষ দিতে পাচ লাখ টাকার প্রয়োজন ছিল। শিল্পীকে ওই টাকা এনে দেয়ার জন্য বারবার চাপ দিচ্ছিলেন তিনি।

কষ্ট করে এক লাখ টাকা দেয়াও হয়েছিল। বাকি টাকা দিতে না পারায় তার মেয়েকে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন শ্বাসরোধ করে হত্যা করে পুকুরে ফেলে দেয়।

নিহতে শিল্পীর মামা অজু‌র্ন দে জানান, ছয় বছর আগে কৃষ্ণপদ ঘোষের সঙ্গে বিয়ে হয় পটিয়া সুচক্রদণ্ডী এলাকার তুষার দের মেয়ে শিল্পী দের। রহিত ঘোষ নামে তাদের চার বছরের একটি ছেলে রয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যাকাণ্ড উল্লেখ করলে হত্যা মামলা নেয়া হবে এবং অভিযোগ থাকা ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

হত্যার বিষয়টি অস্বীকার করে কৃষ্ণপদ ঘোষ বলেন, তার স্ত্রী রোগাক্রান্ত ছিলেন। সকালে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন তিনি। তবে লাশ উদ্ধারের পর স্ত্রীর পরিবারকে খবর না দেয়ার বিষয়টির কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।

ঢাকা,৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ