জাতিসংঘ সাধারণ পরিষদো (ইউএনজিএ) অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাওয়ার পথে আজ সন্ধ্যায় ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে ফিনল্যান্ডের স্থানীয় সময় বিকেল ৩টা ৪০ মিনিটে হেলসিঙ্কি-ভান্তা বিমানবন্দরে অবতরণ করে। খবর বাসস’র।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, ফিনল্যান্ডে বাংলাদেশের অনাবাসী রাষ্ট্রদূত মো: নাজমুল ইসলাম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন।

প্রধানমন্ত্রী জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আজ সকালে হেলসিঙ্কি হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট আজ সকাল ৯টা ২৩ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে হেলসিংকির উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

এমবি