মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের অবস্থা দেখতে দুইদিনের সফরে ঢাকায় এসেছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইয়ালদিরিম। সোমবার রাত পৌনে নয়টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

সফরের প্রথম দিনে আজ মঙ্গলবার সকাল নয়টা ৪০ মিনিটে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদের প্রতি শ্রদ্ধা জানাবেন তুর্কি প্রধানমন্ত্রী।

বেলা পৌনে ১১টার দিকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন তিনি। এরপর বিকেল তিনটার দিকে প্রধানমন্ত্রী কার্যালয়ে যাবেন বিনালি ইয়ালদিরিম। প্রধানমন্ত্রী কার্যালয়ের টাইগার গেটে তাকে স্বাগত জানাবেন শেখ হাসিনা।

দুই প্রধানমন্ত্রীর একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠক শেষে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। পরে সেখানে যৌথ বিবৃতি দেবেন তারা।

সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তুরস্কের প্রধানমন্ত্রী। রাত আটটায় তার সম্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

জেড