কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আগুন লেগে পুড়ে গেছে তিনটি দোকান। উপজেলার মঠখলা বাজারে বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।
মনোহরদী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আবদুস সামাদ বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার মঠখলা বাজারের ব্যবসায়ী তাজউদ্দিনের তিহা ডিপার্টমেন্টাল স্টোরে প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মনোহরদী থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে তিহা ডিপার্টমেন্টাল স্টোর, মঞ্জিল ইলেকট্রনিক ও তমা পোল্ট্রি মেডিসিন কর্নার সম্পূর্ণ পুড়ে যায়।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।
কেএইচ





