ঘূর্ণিঝড় 'মোরা'র প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর সদরঘাট থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুর ২টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়ছে বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।
ক্রমেই শক্তি সঞ্চয় করে বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'মোরা'। আজ সোমবার সকালে ঘূর্ণিঝড়টি আরও উত্তর দিকে সরে বাংলাদেশ উপকূলের ৪৫০ কিলোমিটারের মধ্যে চলে আসায় চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপৎসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর এবং অদূরবর্তী দ্বীপ ও চরগুলোকে এই সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ ছাড়া পায়রা ও মোংলা বন্দরকে ৫ নম্বর বিপৎসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
সম্ভাব্য ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি এড়াতে চট্টগ্রাম জেলার সকল চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে। এ ছাড়া গঠন করা হয়েছে ২৪০টি মেডিক্যাল টিম। সম্ভাব্য জরুরি স্বাস্থ্য পরিস্থিতি মোকাবিলায় খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ।
এ ছাড়া ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। আগামীকাল মঙ্গলবার নাগাদ ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
এমবি





