"সব সম্ভাবনার দেশ সবুজ বাংলাদেশ। গণতন্ত্রের মাধ্যমেই এ দেশের সুশাসন নিশ্চিত হতে পারে। এ জন্য দেশের মেধা ও প্রাকৃতিক সম্পদকে কাজে লাগাতে হবে।"
বুধবার মেহেরপুরের মুজিবনগরে এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা।
তিনি বলেন, ২০১২ সালের ২৪ নভেম্বর তত্কালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এ দেশের ৬৪ জেলা সফরের ইচ্ছা ব্যক্ত করেন তিনি। ওই ইচ্ছার অংশ হিসেবেই তাঁর মেহেরপুরে আসা।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, "এ দেশের প্রথম সরকার এই মেহেরপুরের মুজিবনগরে শপথগ্রহণ করেছিল। ঐতিহাসিক মুজিবনগরে শপথ নেওয়া বাংলাদেশের প্রথম সরকার পরিচালিত মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হওয়া বাংলাদেশ অচিরেই মধ্যম আয়ের দেশে পরিণত হবে।"
ড্যান মজিনা মুজিবনগর স্মৃতিসৌধ থেকে পায়ে হেঁটে মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানচিত্র দেখতে যান। হাঁটতে হাঁটতেই তিনি এসব কথা বলেন। তবে তিনি সাংবাদিকদের কোন প্রশ্নের উত্তর দেননি।
এর আগে ড্যান মজিনা বেলা সাড়ে ১১টায় সড়কপথে চুয়াডাঙ্গা হয়ে মেহেরপুর যান। সেখানে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এরপর দুপুর ১২টায় মুজিবনগরে যান তিনি। সেখানে প্রথমে স্থানীয় বাউলদের সঙ্গে সময় কাটান। দীর্ঘ সময় ধরে সেখানে বসে বাউলদের পরিবেশিত গান শোনেন তিনি। পরে মুজিবনগর স্মৃতিসৌধ, মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানচিত্র ঘুরে ঘুরে দেখেন।
এ সময় মেহেরপুরের সাবেক এমপি প্রফেসর আবদুল মান্নান, মেহেরপুরের জেলা প্রশাসক মো. মাহমুদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী, পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলাম, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়া উদ্দীন বিশ্বাস, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন উপস্থিত ছিলেন।
দুপুর ২টার দিকে তিনি সড়কপথে কুষ্টিয়ার উদ্দেশে মেহেরপুর ত্যাগ করেন।
[b]ঢাকা, ১৪ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
জাতীয়
'গণতন্ত্রের মাধ্যমেই দেশে সুশাসন নিশ্চিত হতে পারে'
"সব সম্ভাবনার দেশ সবুজ বাংলাদেশ। গণতন্ত্রের মাধ্যমেই এ দেশের সুশাসন নিশ্চিত হতে পারে। এ জন্য দেশের মেধা ও প্রাকৃতিক সম্পদকে কাজে লাগাতে হবে।" বুধবার মেহেরপুরের মুজিবনগরে এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা।





