১৯৯৫ সালের ১৩ জানুয়ারি, দিনটি ছিল শুক্রবার। রাত সোয়া ৯টার দিকে গোয়ালন্দ থেকে পার্বতীপুরগামী ৫১১ নম্বর লোকাল ট্রেনটি হিলি রেলস্টেশনের ১ নম্বর লাইনে এসে দাঁড়ায়।
সৈয়দপুর থেকে খুলনাগামী ৭৪৮ নম্বর আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি এর কিছুক্ষণ পর একই লাইনে ঢুকে পড়ে। এ সময়ই ঘটে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ। এতে বিকট শব্দে গোয়ালন্দ লোকাল ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি দুমড়েমুচড়ে আন্তঃনগর ট্রেনের ওপর উঠে যায়।
ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনায় দুটি ট্রেনের অর্ধশতাধিক যাত্রী নিহত হয়। আহত হয় দুই শতাধিক। নিহতদের অনেকের দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে পড়ে থাকে।
পরে স্থানীয় মানুষ, বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজনের সহায়তায় লাশ উদ্ধারসহ আহতদের দ্রুত উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। সে সময় সরকারিভাবে নিহতের সংখ্যা ২৭ জন ঘোষণা করা হয়। আর আহতের সংখ্যা বলা হয় শতাধিক।
বিএনপি সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া খবর পেয়ে ছুটে আসেন। ঘোষণা দেন নিহত ও আহতদের আর্থিক ক্ষতিপূরণের। এদের মধ্যে অনেকে ক্ষতিপূরণ পেলেও কয়েকজন আজও পায়নি তাদের ক্ষতিপূরণের টাকা।
হাকিমপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সেদিনের কথা আজও মনে পড়লে শরীর শিউরে উঠে। সে রাতে দুর্ঘটনার সময়ে আমরা হিলি বাজারে প্রেসক্লাবে বসে ছিলাম। এমন সময় একটি বিকট শব্দ শুনতে পাই। এতো বিকট শব্দ ছিলো যে আমরা স্থির করতে পারছিলাম না, কোথায় কি হচ্ছে।
ছুটে যাই রেলস্টেশনের দিকে। গিয়ে দেখি এই মর্মান্তিক দুর্ঘটনা, শত শত মানুষের আহাজারি। ক্ষতবিক্ষত মানুষের দেহের বিভিন্ন অংশ পড়ে আছে। আহতরা বাঁচার জন্য আহাজারি করছে, অনেকের শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। বুঝে উঠতে পারছিলাম না আমার কি করা উচিত।
অবশেষে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হিলি হাসপাতালে নিয়ে যাই। এতো লাশ, এতো রক্তমাখা ক্ষতবিক্ষত দেহ আগে কখনও দেখিনি। সেই দিনের ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটি আজও হিলির মানুষকে আতঙ্কে রাখে।
ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবার ও এলাকার লোকজন জানান, তাৎক্ষণিক ট্রেন দুর্ঘটনার কারণ হিসেবে স্থানীয় প্রশাসন ও রেল কর্তৃপক্ষ তাদের প্রাথমিক তদন্তে হিলি রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার ও পয়েন্টসম্যানের দায়িত্বহীনতাকেই দায়ী করেছেন।
হিলি রেলওয়ে একতা ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু জানান, প্রতি বছরের ন্যায় এবছরও হিলি রেলস্টেশন প্লাটফর্মে ট্রেন দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হবে। পাশাপাশি আলোচনা সভা ও কালো ব্যাজ ধারণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
এন





