ভারত সফরে ভিন্নরকম এক বিড়ম্বনার শিকার হয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। গতকাল রোববার পশ্চিমবঙ্গের একটি বিমানবন্দর থেকে আগরতলা যাওয়ার পথে মৌমাছির বাধার মুখে পড়েন তিনি।

সবকিছু ঠিকই ছিল। কিছুক্ষণ পরই আকাশে উড়াল দিবে বিমানটি। কিন্তু বাধ সাধে মৌমাছি। ফলে, এক ঘণ্টারও বেশি সময় পর ছাড়তে হলো বিমানটি। হঠাৎ মৌমাছির দল ককপিটের সামনের কাচে জাঁকিয়ে বসেছিল।

ওই অবস্থায় উড্ডয়ন হলে বড় ধরনের বিপদ হতে পারত। প্রচণ্ড গতিতে থাকা বিমানের ইঞ্জিনে কোনওভাবে মৌমাছি ঢুকে গেলে বন্ধ হয়ে যেতে পারত ইঞ্জিন। শেষ পর্যন্ত মৌমাছি তাড়াতে দমকল বাহিনীর প্রচেষ্টায় দেরিতে হলেও ছাড়ে বিমানটি।

রবিবার সকাল ৯ টা ৪০ মিনিটের দিকে ১৩৬ জন যাত্রী ও ক্রেবিন ক্রু নিয়ে বিমানটি কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আগরতলার উদ্দেশে ছাড়ার কথা ছিল। কিন্তু মৌমাছি বিভ্রাটের কারণে প্রায় তিন ঘণ্টা দেরিতে ছাড়ে ওই বিমান।

আর ওই বিমানের যাত্রী হিসেবে ছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। এসময় তথ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন কলকাতাস্থ বাংলাদেশ হাইকমিশনের কয়েকজন কর্মকর্তাসহ ১৮ জনের একটি প্রতিনিধি দল। তারা প্রত্যেকেই ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।

এয়ার ইন্ডিয়া সূত্রে খবর, এদিন সকালে এয়ারবাস এ-৩১৯ বিমানটি যাত্রা শুরুর প্রস্তুতি নিতে যখন ট্যাক্সি-বে থেকে রানওয়ের দিকে যাচ্ছিল তখন এক ঝাঁক মৌমাছি এসে বিমানের সামনের দিকটি ঘিরে ধরে। পাইলটের আসনের সামনে বিমানের উইন্ডস্ক্রিনটিতে বসে পড়ে ওই মৌমাছির দল। পাইলটের নজরে বিষয়টি ধরা পড়ার পরই ওই জায়গাতেই বিমানটিকে দাঁড় করিয়ে দেন তিনি।

কেননা সে সময় বিমানটি চললে ওই মৌমাছির দল ইঞ্জিনের ভেতরে প্রবেশ করলে বিমানটির যেমন ক্ষতি হতে পারতো। ঠিক তেমনি বিমানের যাত্রীদের ক্ষেত্রেও সমস্যা হতে পারে। সে সময় বিমানের ওয়াইপার ব্যবহার করেও কোনো কাজ হচ্ছিল না। পরে খবর দেওয়া হয় এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে (এটিসি) এবং ফায়ার সার্ভিসকে। এরপর ফায়ার সার্ভিসের গাড়ি এসে তীব্রবেগে পানি ছিটিয়ে মৌমাছির দলকে তাড়ানো হয়।

পরে তথ্যমন্ত্রীকে বহনকারী বিমানটিকে টারম্যাকে ফিরিয়ে আনা হয় এবং সম্পূর্ণ বিপদমুক্ত করে প্রায় তিন ঘণ্টা পর দুপুর ১.৪০ মিনিটে বিমানটি আগরতলার উদ্দেশে উড়ে যায়।

যদিও মৌমাছি হানায় বিমান বা যাত্রীদের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। তবে মৌমাছির দল হামলা চালানোর আগে ওই বিমানে কিছু যান্ত্রিক জটিলতাও দেখা যায় বলে খবর।

বিশ্বস্ত সূত্রে খবর, বিমান ছাড়ার বিলম্বতা নিয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এক সময় নিজের ক্ষোভ প্রকাশ করেন। তিনি এয়ার ইন্ডিয়ার ক্যাপ্টেনের সাথে কথা বলে অন্য একটি বিমানে তাদের প্রতিনিধি দলটিকে আগরতলায় নিয়ে যাওয়ার কথা বলেন। যদিও পাইলট সে সময় তাদের আশ্বস্ত করে জানান বিমানের সমস্ত ত্রুটিই সমাধান করা সম্ভব হয়েছে।

বিমানের মধ্যেই তিন ঘণ্টা অতিক্রম করলেও ওই প্রতিনিধি দলটিকে এয়ার ইন্ডিয়ার তরফে কোনরকম পানীয় বা খাবার দেওয়া হয়নি বলে অভিযোগ উঠে।

উল্লেখ্য, গত শনিবার বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় যান বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

 

এএস