যশোরের বেনাপোল এলাকায় হিন্দু সম্প্রদায়ের কয়েকটি পরিবারের ওপর অত্যাচার-নিপীড়নের প্রতিবাদে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সনাতন বিদ্যার্থী সংসদ। প্রেস ক্লাব যশোরের সামনে সোমবার সকালে তারা মানববন্ধন করে প্রতিবাদ জানায়।

মানববন্ধন চলাকালে সংগঠনটির সভাপতি প্রসেনজিৎ ঠাকুর অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ‘মফিজ বাহিনী’র অত্যাচারে বেনাপোলের শাখারীগাতির অনেক হিন্দু পরিবার এলাকা ছেড়ে চলে গেছে। বর্তমানে ওই সন্ত্রাসী বাহিনী তাদের ওপর অমানুষিক নির্যাতন করছে।

মানববন্ধন থেকে ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজনের নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রশাসনের প্রতি আহবান জানানো হয়।

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে শার্শা বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ‘মৎস্যজীবী হিন্দু সম্প্রদায়ের সুখ-দুঃখ আমিই দেখি। তাদের ওপর অত্যাচার করা বা উচ্ছেদ করার প্রশ্নই ওঠে না। বরং তাদের কোনো অনুষ্ঠান আমার সহযোগিতা ছাড়া হয় না।’

তিনি বলেন, ‘বাঁওড় মৎস্যজীবীদের নামে। কিন্তু তাদের পুঁজি নেই। তাই তাদের পক্ষ হয়ে গত ১৪-১৫ বছর আমিই বাঁওড়ে মাছ চাষ করে আসছি। এখন হিন্দু বাগদিরা বাঁওড়টি ফেরত চায়। কিন্তু আমার পাওনা মিটিয়ে না দিলে আমি বাঁওড় ছাড়ব না।’

তবে বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি হাফিজুর রহমান বলেন, ‘হিন্দু মৎস্যজীবীদের বক্তব্য সত্য। মফিজের অত্যাচারে কোনো মৎস্যজীবী বাঁওড়ে নামতে সাহস পায় না। হিন্দু মৎস্যজীবীদের যুবতী মেয়েরা মফিজ ও তার কয়েক ভাইয়ের ভোগের শিকার। সে কারণে তারা এলাকা ছাড়ছে।
জেআই