রাজধানীর গুলশানে যাত্রীবাহী একটি বাসে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ককটেলের স্প্লিন্টার বিদ্ধ হয়ে অন্তত ৬ জন আহত হয়েছেন।
বুধবার রাত আনুমানিক ৮টার দিকে গুলশান ১ নম্বর সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— জিন্নাত আলী (২৫), মো. হুমায়ুন (২৫), নাসির উদ্দিন (৩০), মো. রাজু (৩০), ইললাবী সুলতান (২৭) ও শাহরিয়ার হোসেন (২৮)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কর্তব্যরত চিকিৎসক ডা. ফরহাদ জানান, মাথায় স্প্লিন্টার বিদ্ধ জিন্নাত আলী, নাসির উদ্দিন ও মো. হুমায়ুনের অবস্থা গুরুতর। তাদের সিটি স্ক্যান করা হবে। এ ছাড়া শাহরিয়ারের হাত ও পিঠে স্প্লিন্টার বিদ্ধ হয়েছে।
আহত রাজু জানান, হুমায়ুন ও তিনি মোহাম্মদপুরে কাজ শেষে বাসায় ফেরার পথে ‘অনলাইন’ নামে একটি যাত্রীবাহী বাসে উঠেন। বাসটি গুলশান ১ নম্বর সুপার মার্কেটের সামনে এলে অতর্কিতে ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা।
ককটেলের বিস্ফোরণে তারা দু’জনসহ নাসির উদ্দিন, জিন্নাত আলী ও শাহরিয়ার আহত হন।
শাহরিয়ার জানান, তিনি শ্যামলী লিংক রোডের ডাচবাংলা ব্যাংকের পিওন। অফিস শেষে বাসায় ফিরছিলেন তিনি।
ঢামেক হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জিন্নাত আলী, নাসির উদ্দিন ও মো. হুমায়ুনের অবস্থা গুরুতর বলে জানান তিনি।
এমআর





