করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, পাবনার ঈশ্বরদী উপজেলা জাসদের সভাপতি, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক জিএস বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাচ্চু (৬৮)।

বুধবার (২৭ মে) রাত সাড়ে ১২টার দিকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তিনি মারা যান।

আজ (২৮ মে) বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। তিনি স্ত্রী ও দুই পুত্র রেখে গেছেন।

গোলাম মোস্তফা বাচ্চু ঈশ্বরদী শহরের বিমানবন্দর সড়কের খলিলের মোড় এলাকার বাসিন্দা।

তার মৃত্যুতে জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু এমপি, সাধারণ সম্পাদক শিরিন আক্তার এমপি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

জেলা জাসদের সাধারণ সম্পাদক রশিদুল আলম বাবু জানান, গোলাম মোস্তফা বাচ্চু গত ৫ মে কিডনি, হার্ট, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিক রোগে আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি হন। গত ১১ মে রাতে নমুনা পরীক্ষা করা হলে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে তাকে ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গত রাতে সেখানে তার মৃত্যু হয়।

এমবি