গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালার বাস্তবায়নের জন্য যে সমস্থ পদক্ষেপ গ্রহণ করার কথা ছিলো তা এখনো বাস্তবায়ন হয়নি বলে জানিয়েছেন রিফিউজি এন্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট (রামরু) এবং ডমেস্টিক ওয়ার্কার্স রাইটস নেটওয়ার্ক (ডিডব্লিউআরএন)।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘ডমেস্টিক ওয়ার্কার্স ইন বাংলাদেশ: ট্রেসিং দ্যা পলিসি প্রসেস’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এ কথা জানান সংগঠন দুটি।

গোলটেবিল আলোচনায় বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশে গৃহ-শ্রমিকদের জন্য তেমন আইন নেই। গত মার্চ মাসেও গৃহশ্রমিকদের জন্য নীতিমালার যে খসড়া তৈরি হয়েছিলো তা বাস্তবায়নের কথা ছিলো। কিন্তু তখন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মে মাসে শ্রমিকদের জন্য এটা উপহার হিসেবে থাকবে। কিন্তু মে মাসেও তা বাস্তবায়ন হবেনা।

বক্তারা আরো বলেন, গত বছর প্রধানমন্ত্রী নিজে শ্রম প্রতিমন্ত্রীকে ডেকে বলেছিলেন, গৃহশ্রমিকদের জন্য কিছু একটা করেন। শ্রম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে আশ্বাস দিয়েছেন। কিন্তু গত এক বছরেও তা বাস্তবায়ন হয়নি। এভাবে গৃহ-শ্রমিকদের জন্য শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছেন। কেউ কথা রাখেনি। ভবিষ্যতে আমরা আর শুনতে চাইনা যে, কেউ কথা রাখেনি। কথার বাস্তবায়ন চাই।

রামরুর চেয়ার প্রফেসর ড. তাসনিম সিদ্দিকী বলেন, সমগ্র পৃথিবীর মধ্যে সর্ব বৃহৎ গৃহকর্মীর বসবাস দক্ষিণ এশিয়াতে। ২০০৬ সালে শ্রমশক্তি জরিপ অনুযায়ী বাংলাদেশে মোট গৃহশ্রমিকের সংখ্যা ৩ লাখ ৩১ হাজার। যাদের ৮৩ শতাংশই নারী। নারী গৃহকর্মীদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখিন হতে হয়। তার মধ্যে স্বল্প এবং অনিয়িমিত মজুরি, যৌন হয়রানি, অনিরাপদ কর্ম পরিবেশ, অপর্যাপ্ত স্বাস্থ্য সেবা, অপর্যাপ্ত ছুটি, শারীরিক নির্যাতন ইত্যাদি।

তিনি জানান, ২০১০ সালের মে মাসে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালার ওপর একটি খসড়া নীতিমালা প্রস্তুত করা হয়েছিলো। পরবর্তীতে নীতিমালাটি সংশোধিত ও সংযোজিত করে গৃকর্মীদের অধিকার প্রতিষ্ঠায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৪ নামকরণে খসড়া নীতিমালা প্রস্তুত করে।

২০১৪ সালের ১ জুলাই হাইকোর্ট বেঞ্চ একটি রুল জারি করে সরকারকে কারণ দর্শাতে বলেন যে, গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা বাস্তবায়ন অকার্যকর রয়েছে এবং এটি বাস্তবায়নে কেনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। বর্তমানে খসড়া নীতিমালা মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন আছে।

ডিডব্লিউআরএন’র কো-অর্ডিনেটর সৈয়দ সুলতান উদ্দীন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজের লেকচারার ফাহমিদা ইয়াসমিন রিপা, জাতীয় নারী শ্রমিক ইউনিয়নের আবুল হোসেন, নাগরিক উদ্যোগের জাকির হোসেন প্রমুখ।

এমএ/কেএইচ