নোয়াখালীতে নতুন ট্রেনসহ চার দফা দাবিতে মানব বন্ধন ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

‘আমরাই নোয়াখালী’ সংগঠনের নেতৃত্বে কর্মসূচিতে নোবিপ্রবি, নোয়াখালী সরকারি কলেজ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

নাইম সিদ্দিকীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, এস.এম শুভ, আবির ছিদ্দিক, আসাদুজ্জামান অভি ও ওয়াসিম জামিল প্রমুখ।

বক্তারা বলেন, প্রায় ৩০ বছর পূর্বে নোয়াখালীতে দুটি ট্রেন দেওয়া হয়। এর মধ্যে একটি আন্ত:নগর ট্রেন ‘উপকুল এক্সপ্রেস’। কিন্তু বর্তমানে ট্রেনটি জেলার মানুষের জন্য মর্মবেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে। পুরোনো আমলের লক্কর ঝক্কর ইঞ্জিন, জরাজীর্ণ কামরা, করুন ব্যবস্থাপনা আর খামখেয়ালিপনার ভারে ন্যুজ এ ট্রেনটি। নোয়াখালীর আন্ত:নগর ট্রেনটিতে ভ্রমণ এখন সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ।

এমন পরিবেশে আরো একটি নতুন ট্রেনের দাবি করেন তারা। সাথে সাথে পুরাতন ট্রেনে নতুন বগি সংযুক্তি, উপকুল এক্সপ্রেসকে ‘গ’ শ্রেণীর ট্রেন থেকে ‘ক’ শ্রেণীর ট্রেন ঘোষণা করা, ট্রেনের সময়সূচী পুন:নির্ধারণ করার দাবিও জানানো হয়।

বক্তরা উল্লেখিত দাবিগুলো বাস্তবায়নের জন্য সড়ক-পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেন। পরে একই দাবিতে শিক্ষার্থীরা জেলা প্রশাসক বরাবর স্মরকলিপি প্রদান করেন।

জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস শিক্ষার্থীদের দাবি সম্বলিত স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

সোহেল/জারিফ