চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব দিলে আমি তিন দিনের মধ্যে শহরের সব সংস্কার করে দেব। আর সড়কের কার্পেটিংয়ের কাজ শেষ করতে লাগবে ৭ থেকে ১০ দিন। এ শহর হবে আবার ঝকঝকে তকতকে বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

নগরীর আগ্রাবাদে রবিবার সকালে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে গণসচেতনতা বৃদ্ধিমূলক রোড শো-২০১৪ ক্যাম্পেইন উদ্বোধনে এ সব কথা বলেন তিনি।

যোগাযোগমন্ত্রী বলেন, ‘শহরে যানবাহন চলাচলে কোনো শৃঙ্খলা নেই। অপরিকল্পিত বিজ্ঞাপনী বিলবোর্ডের কারণে শহরের প্রাকৃতিক সৌন্দর্য চোখে পড়ে না। প্রাচ্যের রাণীখ্যাত চট্টগ্রামের পাহাড় নদী সবুজ পাহাড় দেখা যায় না। এ শহর এখন অনেকটা বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। সবখানে ময়লা-আবর্জনার স্তূপ পড়ে থাকে।’

তিনি বলেন, ‘চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর। এটা আমাদের কমার্শিয়াল হাব। আমাদের বাণিজ্যিক রাজধানীর যদি এ অবস্থা হয়, তাহলে বিদেশিরা এখানে বিনিয়োগ করতে আসবে কী করে। কর্ণফুলী টানেল হচ্ছে। গভীর সমুদ্রবন্দর হচ্ছে। চট্টগ্রামের অনেক উন্নয়নের কাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার করছে। কিন্তু যদি কানেক্টিভিটি না থাকে, পরিবহনে বিশৃঙ্খলা থাকে, ময়লা-আবর্জনায় শহরটা ভরে যায়, কর্ণফুলী দূষিত হয়ে যায়, তাহলে এ শহর বসবাসের উপযোগী থাকে না। এ অবস্থা থেকে চট্টগ্রামকে বাঁচাতে হবে।’

ঢাকা, ৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ