বাংলাদেশের হিন্দু ও আদিবাসীসহ সংখ্যালঘুদের ওপর নির্যাতন ঠেকাতে বিশেষ আইনের দাবি জানিয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন।
জাতীয় প্রেস ক্লাবের সামনে বৃহস্পতিবার আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
কর্মসূচিতে মাইনোরিটি ওয়াচের সভাপতি এডভোকেট রবীন্দ্র বলেন, ‘সংবিধানে ধর্ম, বর্ণ, নারী, পুরুষভেদ অথবা জম্মগত কারণে কোন বৈষম্য না করার কথা উল্লেখ নেই। অথচ স্বাধীন দেশে সংখ্যালঘুরা নানাভাবে অত্যাচারিত হয়ে আসছে। ধর্মের নামে সংখ্যালঘু নিধন, দেশত্যাগে বাধ্যসহ সম্পদ লুষ্ঠন হচ্ছে। স্বাধীনতার সময় এদেশে ১৫ শতাংশ সংখ্যালঘু সম্প্রদায় থাকলেও বর্তমানে তা ৮ শতাংশে এসে ঠেকেছে।’
সংগঠনের সাধারণ সম্পাদক ড. চন্দন সরকার সংখ্যালঘু নির্যাতন রোধে বিশেষ আইন ও বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান।
এ সময় বাংলাদেশ মাইনোরিটি ওয়াচ, বিসিএইচআরডি, আদিবাসী ফোরাম, হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরাম, গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্সসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এমকে





