কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে এই হাসপাতালে করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে মারা গেলেন ১৫৩ জন। এদের মধ্যে পজেটিভ ২৬ জন ও উপসর্গে ১২৭ জন মারা গেছেন।
বুধবার (০১ জুলাই) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো: মুজিবুর রহমান এসব তথ্য জানান।
মৃত ব্যক্তিরা হলেন- চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার গোলাম রহমানের ছেলে আমিনুল হক (৭৫), কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া এলাকার গোলাম রাসেল খানের ছেলে জহির খান (৫০), একই এলাকার আনসার আলীর ছেলে আবদুল করিম, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার রহিম উদ্দিনের ছেলে মোস্তাফিজুর রহমান (৮০), চাঁদপুর শাহরাস্তি উপজেলার ওয়াব আলীর ছেলে আবদুল করিম (৬৫) এবং কুমিল্লার বুড়িচং উপজেলার রামপুর এলাকার ডা. রাসেদুল ইসলামের ছেলে মফিজুল ইসলাম (৬৫)।
ডা. মুজিবুর রহমান বলেন, মৃত ছয়জনের মধ্যে তিনজন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১০৫ জন। এদের মধ্যে করোনা পজেটিভ ৩৪ জন ও করোনা উপসর্গ নিয়ে ৭১ জন চিকিৎসাধীন আছেন।
এমবি





