সিলেট নগরীর কুমারগাঁওয়ে ১৩ বছরের শিশু সামিউল আলম রাজনকে পৈশাচিক নির্যাতন চালিয়ে হত্যার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বগুড়া শিশু-কিশোর সাংস্কৃতিক ফোরাম।
বুধবার বেলা ১২টায় শহরের সাতমাথা এলাকায় ‘রাজন হত্যার বিচার চাই, হত্যাকারীদের ফাঁসি চাই’–স্লোগানে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধন কর্মসূচি শেষে শিশু-কিশোর সাংস্কৃতিক ফোরামের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিশিষ্ট সাহিত্যিক বজলুল করিম বাহার, উদীচী শিল্প গোষ্ঠীর জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজু, বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, বগুড়া নাট্যদলের সভাপতি মীর্জা আহসানুল হক দুলাল, চর্চা সাংস্কৃতিক একাডেমির পরিচালক আব্দুল আউয়াল, উচ্চারণ একাডেমির পরিচালক অ্যাডভোকেট পলাশ খন্দকার প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, একটা সভ্য দেশে এ ধরনের নারকীয় মৃত্যুর ঘটনা ঘটতে পারে না। কোনোভাবেই শিশু রাজনের এই নির্মম হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না।
তাই শিশু রাজন হত্যাকারী ঠাণ্ডা মাথার খুনিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।
সমাবেশে বক্তারা রাজন হত্যাকারীদের ফাঁসি দেওয়ার দাবিও জানান।
এসএইচ





