রাজধানীর যাত্রাবাড়ীর নয়ানগর এলাকায় শুক্রবার তাহমিনা আক্তার রিতু (১৮) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

তিনি দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এ বছর জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেছেন। তাহমিনা আক্তার রিতু চাঁদপুর জেলার মতলব উপজেলার ইসমাইল ব্যাপারীর মেয়ে।

তার মামা আতাউর রহমান জানান, তার বাবা-মা গাজীপুরে তার এক আত্মীয়র বাসায় বেড়াতে গিয়েছিলেন। তাহমিনা আক্তার রিতু বাসায় তার ছোট বোন নিশার সঙ্গে ছিল। নিশা বিকালে কোচিং করতে যায়। সন্ধ্যায় কোচিং থেকে ফিরে বাসার দরজা বন্ধ দেখে পাশের বাসার ইয়াসমীন আক্তারকে ডাক দেয়।

পরে তারা দরজা ভেঙে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় তাহমিনা আক্তার রিতুকে দেখতে পায়। ফ্যান থেকে নামিয়ে আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কী কারণে রিতু আত্মহত্যা করেছে, তা জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকা, ১৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ