নড়াইলে গাছে বেঁধে গৃহবধূ ববিতা খানম (২১) কে নির্যাতন মামলায় ৮ জনের নামে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগড়া থানার এসআই নজরুল ইসলাম শনিবার দুপুরে জানান, এ মামলায় ৭ জনকে আসামি করা হলেও আরো একজনকে অভিযুক্ত করে ৮ জনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (গ) ১০/৩০ ধারায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোহাগড়া আমলী আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। লোহাগড়া থানার অভিযোগপত্র নম্বর ১০৫, তারিখ ২০/০৬/২০১৫।

এ মামলায় অভিযুক্তরা হলেন, ববিতার স্বামী শফিকুল শেখ, শ্বশুর ছালাম শেখ, শ্বাশুড়ি জরিনা বেগম, ভাসুর আবুল হাসান শেখ, চাচা শ্বশুর আবুল কামাল শেখ, হিরু মিয়া, প্রতিবেশী নান্নু মোল্যা ও কাশিপুর ইউনিয়ন আ’লীগের যুগ্ম-আহবায়ক আজিজুর রহমান আরজু।

তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল আরো জানান, অভিযোগপত্র দাখিলের আগে এ মামলার আসামি শফিকুল শেখ, ছালাম শেখ, জিরিনা বেগম, আবুল হাসান শেখ, আবুল কালাম শেখ, হিরু মিয়া ও নান্নু মোল্যাকে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এর মধ্যে শফিকুল শেখ, হাসান শেখ, কালাম শেখ ও নান্নু মোল্যাকে ৩ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযুক্তরা রিমান্ডে ববিতাকে গাছে বাঁধার কথা স্বীকার করলেও শারীরিক ভাবে নির্যাতনের কথা অস্বীকার করেন।

তবে শফিকুলসহ অন্যরা জানিয়েছেন, এ মামলার অন্যতম আসামি আজিজুর রহমান আরজু ববিতাকে গাছে বেঁধে মারপিট করেন। এ মামলার আসামি আরজু জামিনে থাকলেও অন্যরা আছেন জেল-হাজতে আছেন।

উল্লেখ, গত ৩০ এপ্রিল সকালে গৃহবধূ ববিতা খানমের শ্বশুরবাড়ির লোকজন শালবরাত গ্রামে গাছের সাথে বেঁধে বেধড়ক মারপিট করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ববিতার মা খাদিজা বেগম বাদী হয়ে গত ৫ মে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শফিকুল শেখ, শফিকুলের বাবা ছালাম শেখ, মা জিরিনা বেগম, ভাই আবুল হাসানসহ ৭ জনের নামে মামলা করেন।

জেডআই