সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর দরগাহে বার্ষিক ওরস উপলক্ষে প্রায় ৭০০ বছর ধরে প্রচলিত লৌকিক উৎসব ‘লাকড়ি তোড়া’ (কাঠ ভেঙে সংগ্রহ) শনিবার অনুষ্ঠিত হবে। দরগাহের বার্ষিক ওরসের তিন সপ্তাহ পূর্বে লাকড়ি সংগ্রহের এ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

দরগাহ কমিটি সূত্র জানায়, শনিবার লাকড়ি তোড়া উৎসবে দরগাহ থেকে প্রায় চার কিলোমিটার দূরে লাক্কাতুরা ও মালনি ছড়া চা-বাগানের মধ্যবর্তী স্থানে অবস্থিত একটি টিলার জঙ্গল থেকে লাকড়ি সংগ্রহ করা হবে।

এই দিন সকাল থেকে হযরত শাহজালাল (রহ.) ভক্তরা দরগাহ শরীফে সমবেত হয়ে যোহরের নামাজের পরে মিছিল নিয়ে ওই জঙ্গলে কাঠ সংগ্রহ করতে যাবেন এবং সেখানে মিলাদ শরীফ ও দোয়া অনুষ্ঠানের পর লাকড়ি নিয়ে দরগাহ শরীফে ফিরে আসবেন।

দরগাহের মোতাওয়াল্লী ফতেহ উল্লাহ আল আমান জানান, জনশ্রুতি আছে শাহজালাল (রহ.) জীবদ্দশায় এভাবে লাকড়ি সংগ্রহ করে রান্না করা হতো। সেই ঐতিহ্য স্মরণ করে ৭০০ বছর ধরে ওরসের তিন সপ্তাহ পূর্বে লাকড়ি তোড়া সম্পন্ন হয়ে আসছে। সংগ্রহ করা লাকড়ি নির্দিষ্ট স্থানে রাখা হয়। পরে এসব লাকড়ি ওরসে শিরনির রান্নাবান্নায় প্রতীকীভাবে ব্যবহার করা হয়।

লাকড়ি তোড়া উৎসবে ভক্তদের শান্তিপূর্ণভাবে ও আদবের সাথে যোগদান করার জন্য আহবান জানিয়েছেন তিনি।

ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই