নিখোঁজের ৮ দিন পর উদ্ধার হয়েছেন ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান। তাকে কে বা কারা শুক্রবার (১৮ জুন) জুমার নামাজের পর রংপুর নগরীর মাস্টার পাড়ায় শ্বশুরের বাসায় পৌঁছে দেয়।

এরপর ওই বাসা থেকে রংপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য।

রংপুর মেট্রোপলিন পুলিশের কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন।

অপর দিকে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন জানান, আবু ত্ব-হা আদনান রংপুর নগরীরর কলেজ রোডে চারতলা মোড়ে প্রথম স্ত্রীর ভাড়া বাসায় অবস্থান করছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এরপর তাকে সেখান থেকে পুলিশ তাকে নেয় জিজ্ঞাসাবাদের জন্য। এখন তাকে ডিবি পুলিশের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

এর আগে শুক্রবার বেলা সোয়া ২টার দিকে আদনানের মামা আমিনুল ইসলাম বলেন, জুমার নামাজের পরপর আদনানের প্রথম স্ত্রীর বাবার বাড়ি রংপুর নগরীর মাস্টার পাড়ায় আদনানকে পৌঁছে দিয়ে গেছে কিছু লোক।

গত ১০ জুন রংপুর থেকে ঢাকায় আসার পথে রাজধানীর গাবতলী এলাকা থেকে নিখোঁজ হন ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান। এছাড়াও তার সঙ্গে নিখোঁজ হয়েছেন আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দীন।

এমবি