রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে ৮ জন। আর উপসর্গে ১০ জন মারা গেছেন।
আজ (০৮ জুলাই) বৃহস্পতিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই বিষয়টি নিশ্চিত করেছেন।
রামেক পরিচালক বলেন, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (০৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতাল করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে ১৮ জন মারা গেছেন। এরমধ্যে পুরুষ ১৪ জন ও ৪ জন নারী। মৃতদের অধিকাংশের বয়স ৩৫ থেকে ৬৫ বছরের মধ্যে।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১৮ জন মৃতদের মধ্যে রাজশাহী জেলারই ৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, নাটোর ২ জন, নওগাঁর ৩ জন, পাবনার ১ জন ও কুষ্টিয়ার ১ জন ছিলেন। করোনা সংক্রমণে মারা গেছেন রাজশাহীর ৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন, পাবনার ১ জন, কুষ্টিয়ার ১ জন ও নওগাঁর ১ জন।
অন্যদিকে, উপসর্গে মারা গেছেন রাজশাহীর ৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন, নওগাঁর ২ জন ও নাটোরের ২ জন। সকলকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেয়া হয়েছে।
রামেক পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৭০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৮ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ২০২ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ২৮৩ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৪৫৪টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৪৮৫ জন।
শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা পরীক্ষায় ২৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। অন্যদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৩৭৬ জনের নমুনা পরীক্ষায় ১১৩ জন করোনা পজিটিভ রিপোর্ট আসে।
দুই ল্যাবের টেস্টে মোট ৫৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৪১ জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৬ দশমিক ৫৭ শতাংশ।
এমবি





