কক্সবাজারের টেকনাফে স্বশস্ত্র ডাকাত নির্মূলে র‌্যাবের অভিযানে বন্দুকযুদ্ধে কুখ্যাত ডাকাত সর্দার নিহত হয়েছে। এসময় র‌্যাবের দুই সদস্য আহত এবং বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মির্জা সাহেদ মাহাতাব জানান, রোববার দিবাগত রাত ৩টার দিকে র‌্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি চৌকশ আভিযানিক দল উপজেলার হ্নীলা পশ্চিম লেদা নরালী পাড়া পাহাড়ে গোলাগুলির সংবাদ পেয়ে ডাকাতবিরোধী সাঁড়াশি অভিযানে যায়।

এ সময় পাহাড়ে অবস্থান করা ছয়-সাতজন সশস্ত্র ডাকাত র‌্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে র‌্যাবের ল্যান্সনায়েক আজহারুল ইসলাম ও সিপাহী মো. সোহেল আহত হয়।

এরপর র‌্যাব সদস্যরাও সরকারি সম্পদ এবং আত্মরক্ষার্থে কিছুক্ষণ পাল্টা গুলিবর্ষণ করলে সশস্ত্র দুর্বৃত্তরা পাহাড়ের ভেতরে পালিয়ে যায়।

গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল তল্লাশি করে একটি থ্রি-কোয়ার্টার গান, একটি ওয়ান শুটার গান, চারটি কার্তুজ, তিনটি খালি খোসা, ১০০ টাকাসহ মানি ব্যাগ, একটি মোবাইল, মিয়ানমারের ১১টি ও একটি দেশীয় সিমকার্ড এবং পাহাড়ে সক্রিয় ডাকাত নুরুল আমিন গ্রুপের প্রধান নুরুল আমিনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।

তাঁকে চিকিৎসার জন্য উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এএস