কক্সবাজারের টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মো. নাসির ওরফে মুন্না (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।
গতকাল (২৫ জানুয়ারি) শনিবার রাতে উপজেলার হোয়াইক্যং নয়াবাজারের পূর্বে নাফ নদের কিনারায় এই ঘটনা ঘটে।
নিহত মুন্না হোয়াইক্যং পূর্ব সাতঘরিয়াপাড়ার জালাল আহমদের ছেলে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় মিয়ানমার থেকে ইয়াবার চালান আসার খবর পায় পুলিশ। পরে গতকাল রাতে টেকনাফ মডেল থানার একদল পুলিশ হোয়াইক্যং নয়াবাজারের পূর্বে নাফ নদের কিনারাসংলগ্ন লবণ মাঠে অবস্থান নেয়। কিছুক্ষণ পর একদল মাদক কারবারি পুলিশের উপস্থিতি টের পাওয়ার সঙ্গে সঙ্গে গুলিবর্ষণ করে।
তিনি জানান, এতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) অহিদ উল্লাহ, কনস্টেবল আবদুল শুক্কুর ও মো. হেলাল আহত হন। পরে পুলিশও বেশ কিছুক্ষণ গুলিবর্ষণ করলে মাদক কারবারিরা পালিয়ে যায়। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় মাদক কারবারি মুন্নাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে কক্সবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত পুলিশ সদস্যদের উপজেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশের এই কর্মকর্তার দাবি, ঘটনাস্থল তল্লাশি করে ১০ হাজার ইয়াবা, তিনটি দেশীয় অস্ত্র ও ১২টি কার্তুজ উদ্ধার করা হয়।
এমবি





