ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অজিত দাসের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝাড়ুমিছিল ও মানববন্ধন করেছে স্থানীয়রা।

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পূর্ব পাইকপাড়া থেকে বৃহস্পতিবার বেলা ১১টায় সর্বদলীয় নাগরিক সমাজের ব্যানারে এই ঝাড়ুমিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কয়েকশ নারী-পুরুষ হাতে বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, জেলা আওয়ামী লীগ নেতা তাজ মোহাম্মদ ইয়াছিন, এ্যাডভোকেট জহিরুল ইসলাম ভূইয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা দ্রুত অজিত দাসের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিহারি দেন। পরে মানববন্ধন শেষে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।

মঙ্গলবার দুপুরে চাঁদা আদায়ে বাধা দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মেড্ডা বাজার এলাকায় স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী উজ্জলের নেতৃত্বে একদল দুর্বৃত্ত অজিত দাসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।

জেআই