সাতক্ষীরার দেবহাটা উপজেলায় পুকুর থেকে মা ও দুই মেয়ে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের হত্যা করে লাশ বাড়ির পাশের পুকুরে ফেলে রাখা হয়।

নিহতরা হলেন - মা অষ্টমী সরকার (২৪), মেয়ে বন্যা সরকার (৩) ও পাখি সরকার (তিন মাস)।

উপজেলার টিকেট গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে বুধবার বিকাল ৫টার দিকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

জিজ্ঞাসাবাদের জন্য নিহত গৃহবধূ অষ্টমী সরকারের স্বামী প্রশান্ত সরকার, শ্বশুর প্রফুল্ল সরকার ও শাশুড়ি হিমেলা সরকারকে আটক করেছে পুলিশ।

নিহত গৃহবধূর ভাই প্রকাশচন্দ্র রায় অভিযোগ করে বলেন, ‘যৌতুকের দাবিতে অষ্টমীর পরিবারে প্রায় ঝগড়া লেগে থাকত। এর জের ধরে তাদের বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। এক পর্যায়ে গুম করতে তাদের লাশ বাড়ির পাশের পুকুরে ফেলে দেয় হয়।’

খবর পেয়ে কালীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মীর মনির হোসেন ঘটনাস্থলে গেছেন। লাশগুলো পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।

এ ব্যাপারে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, বিকালে স্থানীয় লোকজন পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার করেছে।

ঘটনা তদন্তে পুলিশ কাজ শুরু করেছে। তবে কি কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা তা তদন্তের পর বলা যাবে বলে জানান ওসি।

এমকে