রাজধানীর মুগদায় সড়ক দুর্ঘটনায় আরাফাত ইসলাম মাহিন (২৩) নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ছাড়া তার সাথে থাকা আরোহী আবু তালেবও (৪৫) গুরুতর আহত হন। নিহতের বাবার নাম মীর আশরাফুল ইসলাম। তাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে।

আহত তালেব ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গতকাল বেলা ২টায় মুগদা ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

আহত আবু তালেব জানান, দুপুরে তারা মোটরসাইকেলে রামপুরা-বনশ্রী থেকে ৮৮ নম্বর দক্ষিণ কমলাপুরে মাহিনদের বাসায় যাচ্ছিলেন। এ সময় মাহিন মোটরসাইকেল চালাচ্ছিলেন। মুগদা ফুটওভার ব্রিজের নিচে চলন্ত মোটরসাইকেলের সামনে রিকশা চলে এলে দু'জনই ছিটকে পড়েন। পরে আহতাবস্থায় পথচারীরা তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যান।

তালেব আরো জানান, খবর পেয়ে স্থানীয় হাসপাতাল থেকে মাহিনের বন্ধু মেহেদী তাদের ঢাকা মেডিক্যালে নিলে বেলা পৌনে ৩টায় চিকিৎসক মাহিনকে মৃত ঘোষণা করেন। মাহিন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে।

জানা গেছে, তালেব মাহিনদের বাড়ি নির্মাণের ঠিকাদার। তারা বাড়ি নির্মাণার্থে রড কিনতে যাচ্ছিলেন।

ইআর